
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬:
ইউরোপের বিস্তৃত শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক বিশেষ সেমিনার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের অধিকার, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউরোপীয় শ্রমবাজার বিশেষজ্ঞ ও প্রবাসী সংগঠক শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। দীর্ঘ চার দশক ধরে জার্মানি ও ইতালিতে বসবাসরত তিনি প্রবাসীদের অধিকার আদায় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করে আসছেন।
তার নেতৃত্বে বিভিন্ন প্রবাসী সংগঠন গড়ে ওঠে এবং ইউরোপীয় পর্যায়ে বাংলাদেশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা থেকে শুরু করে ইতালি-বাংলাদেশ শ্রম চুক্তি বাস্তবায়নেও তার অবদান উল্লেখযোগ্য বলে আয়োজকরা জানান।
সেমিনারে জানানো হবে, আগামী পাঁচ বছরে ইউরোপে প্রায় ৫ কোটি শ্রমিকের ঘাটতি তৈরি হতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে অন্তত ১০ লাখ বাংলাদেশি দক্ষ কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে একটি বাস্তবভিত্তিক ‘মাস্টার প্ল্যান’ সরকারের কাছে উপস্থাপন করা হবে।
এছাড়া অনুষ্ঠানে সরাসরি ভিসাপ্রাপ্ত কর্মীদের উপস্থিতিতে ইউরোপের শ্রমবাজারে প্রবেশের একটি স্বচ্ছ ও কার্যকর রূপরেখা তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। তাই জাতীয় গুরুত্বপূর্ণ এ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।