
রাজধানীর উত্তরায় একটি ফিলিং স্টেশনে হামলা ও কর্মচারীদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার (৮ মার্চ) উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-২ এলাকার ডিএল ফিলিং স্টেশনের ডিজেল অপারেটর মো. আব্দুল বাবার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ, মো. আল আমিন হোসেন শান্ত, মো. রাকিব ও মো. আরাফাত। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে উত্তরা পূর্ব থানার সেক্টর-২ এলাকায় অবস্থিত ডিএল ফিলিং স্টেশনে একটি মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা মোবাইল ফোনে আরও লোকজন ডেকে এনে স্টেশনের কর্মচারী মো. রাকিবকে মারধর করেন।
তাকে রক্ষা করতে গেলে স্টেশনের আরেক কর্মচারী ইলিয়াসকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হন।
এজাহারে আরও বলা হয়, একই দিন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে অভিযুক্তরা আবার সংঘবদ্ধ হয়ে ফিলিং স্টেশনে এসে বাদী আব্দুল বাবারকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।