
বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন
রাজধানীর উত্তরা ফায়দাবাদ এলাকায় অবস্থিত ‘সূর্যমুখী’ নামের একটি বহুতল ভবনের মালিকানা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ভবনটির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে এক মৃত ব্যক্তির নামে আম-মোক্তারনামা (Power of Attorney) তৈরি করে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।
তারিখ ২০ অক্টোবর ২০২০ ইং→ যুক্তরাষ্ট্রে আম-মোক্তারনামা স্বাক্ষর করা হয় । তারিখ ১০ নভেম্বর ২০২০ ইং→ বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা দলিল পুনরায় সত্যায়ন করা হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় জানা যায়, যে ব্যক্তির নামে আম-মোক্তারনামা দেখানো হয়েছে, তিনি নথি তৈরির আগেই মারা গেছেন। অথচ তার নাম ব্যবহার করে ভবনের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের অজ্ঞাতসারে জাল কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখলের চেষ্টা চলছে। তারা বলছেন, মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এবং ভুয়া সাক্ষীর মাধ্যমে আম-মোক্তারনামা তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি নতুন মালিকানা দাবিদাররা ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি মৃত্যুর পর তার নামে আম-মোক্তারনামা তৈরি বা ব্যবহার সম্পূর্ণ অবৈধ এবং এটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কিভাবে একটি মৃত ব্যক্তির নামে এমন গুরুত্বপূর্ণ দলিল নিবন্ধিত হলো, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।