
উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনী অনুষ্ঠানে
স্টাফ রিপোর্টার : রাস্তায় উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা হবে বলে জানিয়েছেন মো. সরওয়ার।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিন শতাধিক মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার তারিখ ১১ মে ২০২৬ ইং দুপুরে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে ট্রাফিক সিগন্যাল অমান্য করা কিংবা উল্টোপথে যানবাহন চালালেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, আপাতত রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩০টির বেশি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে।
গাড়ির মালিক ও চালকদের উদ্দেশ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর অনুমোদিত নম্বর প্লেট ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সঠিক নম্বর প্লেট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।