
মো: রাজু আহম্মেদ তাইজুল : গাজীপুর জেলা
গাজীপুর বাইপাসের চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় একাধিক পোশাক শিল্প প্রতিষ্ঠানে বিএনপি নেতাকর্মী পরিচয়ে কিছু যুবকের দখলচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কারখানায় প্রবেশ করে মালামাল জোরপূর্বক নেওয়ার চেষ্টা, শ্রমিক ও মালিকপক্ষকে ভয়ভীতি প্রদর্শন এবং তর্ক-বিতর্কে জড়াচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রতিদিনই তারা কারখানায় এসে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে। এ ঘটনায় শ্রমিক ও মালিকদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্তদের বেশিরভাগই এলাকার বাসিন্দা হওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গাজীপুরের একাধিক সাংবাদিক সংগঠন ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের কেউ কেউ মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা বলছেন, “মালিক বাঁচাও, শ্রমিক বাঁচাও”—এই দাবিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রকাশক মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বাসন থানা পুলিশকে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।