
ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে গাজীপুরের টুঙ্গি এলাকায় শুরু হয়েছে বিশেষ ভূমি সেবা ক্যাম্প। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, ৭ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টঙ্গী রাজস্ব সার্কেল এলাকার ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হচ্ছে। ক্যাম্পে United Nations Development Programme (ইউএনডিপি)-এর নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি সেবা প্রদান করছেন।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো হোল্ডিং মালিকদের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে হালনাগাদ করা। এর আওতায় জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংযুক্তকরণ, অনলাইন প্রোফাইল তৈরি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ প্রক্রিয়াকে সহজতর করা হচ্ছে।
ক্যাম্প পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহেরুল হক, সহকারী কমিশনার (গোপনীয় শাখা ও মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন এবং টঙ্গী পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা তাহমিনা ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা নিতে আগ্রহী হোল্ডিং মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ক্যাম্পে উপস্থিত হতে হবে। এ ক্ষেত্রে সঙ্গে আনতে হবে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি বা পর্চা এবং জাতীয় পরিচয়পত্র।
সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বলেন, “ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো এবং সেবাকে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। এই ক্যাম্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে ভূমি সংক্রান্ত নানা জটিলতা কমবে এবং সেবা গ্রহণে স্বচ্ছতা ও গতি বাড়বে।