
রাজধানীর উত্তরা বিভাগের তুরাগ থানাধীন বামনারটেক এলাকার ৩ নম্বর রোড, আক্কাস আলী মসজিদ সংলগ্ন সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাবরিনা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ধীরগতির কাজ এবং যথাযথ নিয়মনীতি অনুসরণ না করেই চলছে রাস্তা নির্মাণ কার্যক্রম।
এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কারের নামে নিয়মবহির্ভূতভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাজু স্থানীয় প্রভাবশালী সোহেল রানার সঙ্গে যোগসাজশ করে কোনো ধরনের ভূমি অধিগ্রহণের আইনি নোটিশ ছাড়াই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত মানুষের বসতবাড়ি ভেঙে দিচ্ছেন। এতে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা যায়, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাধ্যতামূলক তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি। ফলে প্রকল্পের ব্যয়, রাস্তার দৈর্ঘ্য, কাজের মেয়াদ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য সম্পর্কে সাধারণ মানুষ অন্ধকারে রয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সম্প্রতি টেন্ডারকৃত নির্মাণাধীন রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,
“সরকার রাস্তা করবে, আমরা ট্যাক্স দেবো—এটাই স্বাভাবিক। কিন্তু জনগণকে ক্ষতিগ্রস্ত করে, হয়রানি ও অনিয়মের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।”
এ বিষয়ে ঠিকাদার রাজু ও ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বৃষ্টি ও আবহাওয়াজনিত কারণ দেখিয়ে কাজের ধীরগতির ব্যাখ্যা দেন। তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে একই অজুহাতে কাজ ফেলে রাখার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতা ও সঠিক নিয়ম মেনে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।