
মোঃ আল আমিন সরকার | ঢাকা প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে স্মার্ট পরিবহনের এক হেলপার ও চালককে মারধর এবং টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা যায়, গত রোববার (১১ মে) রাত আনুমানিক ১টার দিকে আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা স্মার্ট পরিবহনের একটি বাস ধউর বেড়িবাঁধ ব্রিজ পার হওয়ার পর রাস্তার ডান পাশ খোলা থাকায় ভুলবশত সেখানে প্রবেশ করে। এ সময় চায়না প্রজেক্টে কর্মরত ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা নির্মাণ শ্রমিক বাসটির হেলপার মো. শওকাত ওরফে সৈকত (২৬)-কে মারধর করে গুরুতর আহত করে। হামলায় তার মাথা ফেটে রক্তাক্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।
এসময় বাসের চালক আলামিন বাধা দিতে গেলে তাকেও ৪ থেকে ৫ জন শ্রমিক চর-থাপ্পড় ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা চালকের কাছে থাকা একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা বাসায় ফিরে যান।
এ ঘটনায় স্মার্ট পরিবহনের চালক আলামিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।