
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রি.
আজিজুল হাকিম সাব্বির (২২), জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী, যিনি ভ্রমণপ্রিয় হিসেবে পরিচিত। প্রায় সাত-আট মাস আগে তিনি চার বন্ধুসহ নেপাল ভ্রমণে যান। ভ্রমণের এক পর্যায়ে ভুলবশত তারা নেপাল সীমান্ত অতিক্রম করে ভারতের দার্জিলিং এলাকায় প্রবেশ করলে ভারতীয় পুলিশের হাতে আটক হন।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা নং ৩৬৫/২৫ দায়ের করা হয় এবং শিলিগুড়ি সার্কিট বেঞ্চ আদালতের নির্দেশে সাব্বিরকে শিলিগুড়ি কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে শিলিগুড়িতে একটি প্রতারক চক্র সাব্বিরের পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় বাংলাদেশের গেন্ডারিয়া এলাকায় বসবাসরত তার পরিবার বিষয়টি জানতে পেরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে ভারতের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে।
কিন্তু পরিবারের অভিযোগ, একাধিক ব্যক্তি ও একটি চক্র আইনগত সহায়তার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বিশেষ করে শিলিগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী শুভ পাল (ডাকনাম অরুণা পাল) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তিনি গুগল পে-সহ বিভিন্ন মাধ্যমে অর্থ গ্রহণ করে এখনো পর্যন্ত সাব্বিরের জামিন বা বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ-ইন) কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। বরং আরও অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবার।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার চরম হতাশা প্রকাশ করে জানায়, তারা এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় প্রশাসন বা অভিযুক্ত আইনজীবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
করণীয়:
পরিবারের দাবি, দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সাব্বিরকে দেশে ফিরিয়ে আনা এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।