
ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা, বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিমানের চেয়ারম্যান এবং রপ্তানি খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবসায়িক ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় দেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, রপ্তানি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দ্রুত ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বিমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রপ্তানিমুখী শিল্পের স্বার্থে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপরও মতামত দেন।
বৈঠকে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।