
ঢাকা, তারিখ ১০ জুন: ২০২৬ ইং
বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও অগ্রগতি তদারকির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ফার্মগেট কৃষি খামারবাড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চাঁদাবাজি, রাজনৈতিক হস্তক্ষেপ ও অনাকাঙ্ক্ষিত চাপের অভিযোগ উঠেছে। অভিযোগের কারণে প্রকল্পগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সরকারি রাজস্ব বাজেটের উল্লেখযোগ্য অংশ কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যয় করা হয়। ফার্মগেট কৃষি খামারবাড়ি থেকে ছোট-বড় প্রায় ৫৫টি প্রকল্প পরিচালিত হচ্ছে, যা বিভিন্ন প্রকল্প পরিচালক (পিডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হয়। তবে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি, কথিত সাংবাদিক এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের কারণে প্রকল্প বাস্তবায়নে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অযৌক্তিক দাবি-দাওয়া উপস্থাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোনো ধরনের অডিট আপত্তি বা অনিয়মের প্রমাণ না থাকলেও মাসোহারা দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবি পূরণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, এমন পরিস্থিতিতে অনেকেই প্রকাশ্যে বক্তব্য দিতে সাহস পান না। ফলে প্রকল্প পরিচালনা ও কৃষি উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, দেশের কৃষি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাফল্য অর্জনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি খামারবাড়ি এবং কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক ও অনাকাঙ্ক্ষিত প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।