
দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জ উপজেলা-এ র্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সার ও কীটনাশকের দোকানে তল্লাশি করে ব্যাগে রাখা কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া বাজার এলাকার সার ও কীটনাশক ব্যবসায়ী ধনগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ (৬২) এবং দগড়াই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৬ কেজি। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানা-য় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন র্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান হাফিজ। মামলার নম্বর-১৩, তারিখ ১২/০৫/২০২৬ ইং
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুইজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।