
মঙ্গলবার, তারিখ ৩১ মার্চ ২০২৬ খ্রি:
রাজধানীর মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও নাগরিক দুর্ভোগ কমাতে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজ উন্নয়ন শীর্ষক প্রকল্প (IDRISP)-এর আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে মিরপুর-১০ ফলপট্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক জানান, প্রায় ৪ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং উভয় পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, “আগামী ৩১ অক্টোবর ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।”
তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, উন্নয়ন কাজ শেষে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ জন্য এলাকাবাসীকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
প্রশাসক আরও উল্লেখ করেন, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রতিদিন কাজের অগ্রগতি মনিটরিং করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বেগম রোকেয়া সরণিতে বৃষ্টির সময় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।