
নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন এম এ আলীম সরকার। তিনি এ ঘটনাকে জাতির জন্য দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সভাপতি এম এ আলীম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ-এ যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব গৃহীত হওয়া দেশের ইতিহাস ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল ভিত্তি ছিল মানবতা, ন্যায়বিচার ও গণতন্ত্র। সেই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে দণ্ডিতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।”
এম এ আলীম সরকার আরও বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সংসদকে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে কোনো ধরনের সম্মানসূচক আচরণ জাতির ইতিহাস ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে বিজিপি সভাপতি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় সংসদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত।