
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় দুইজন কারারক্ষীর পাখি শিকারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী, উপকূলীয় বন বিভাগ (পটুয়াখালী)সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের মতো কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।