
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ১১ এপ্রিল ২০২৬: দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আধুনিকায়ন ও বিশ্বমানের পর্যায়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। তিনি বলেন, রাজশাহীর সিল্ক (রেশম) শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে উন্নত প্রযুক্তি ও গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে “রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং রেশম বোর্ডের কারখানা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বছর রেশম সংশ্লিষ্ট গবেষণার জন্য বরাদ্দ ৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি দেশের প্রায় সাড়ে ১১ হাজার রেশম চাষীকে কৃষক কার্ডের আওতায় আনার কাজও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রেশম চাষীদের সংখ্যা ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং আমদানি নির্ভরতা কমাতে চীন ও জাপানের মতো উন্নত দেশগুলোর প্রযুক্তি অনুসরণ করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সভায় বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, “এক গ্রাম, এক পণ্য” ধারণা বাস্তবায়নের মাধ্যমে রেশম শিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করবে।
মতবিনিময় পর্বে সপুরা সিল্কের পরিচালক সাজ্জাদ আলী বলেন, সুতার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। তিনি উল্লেখ করেন, শুধু প্রাচীন পদ্ধতিতে রেশম চাষ করে এই শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব নয়; বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করাও সময়ের দাবি।
অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ রেশম খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।