
রাজধানীতে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার তারিখ ২০ মার্চ ২০২৬ ইং (ভোরে) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য সূত্র জানায়, একটি হত্যা মামলায় আসামি হিসেবে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তবে মামলার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একজন সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার এ ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির সময় মাসুদ উদ্দিন চৌধুরী সাভারে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়।
পরবর্তীতে ২০০৮ সালের ২ জুন তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ৮ জুন তাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল রাখে।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেনাবাহিনী থেকে অবসরের পর জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।
এদিকে, তার গ্রেফতারের বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।