ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমাদান উপলক্ষে বুধবার তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর পার্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
বিকেল থেকেই পার্ক প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আজানের সঙ্গে সঙ্গে শত শত রোজাদার একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকদের উদ্যোগে প্রায় ৮০০ রোজাদারের জন্য ইফতার পরিবেশন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের উচিত এ মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবসেবায় আত্মনিয়োগ করা।” তিনি তরুণ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল হৃদয় এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।