রাজবাড়ী প্রতিনিধি | দৌলতদিয়া ফেরিঘাট | শুক্রবার তারিখ ২৭ মার্চ ২০২৬ ইং
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। উদ্ধার অভিযান চলমান থাকলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন যাত্রী। এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি পানির নিচে তলিয়ে গেলে শুরু হয় হৃদয়বিদারক আর্তনাদ। স্থানীয় জেলেরা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে বাসটি শনাক্ত করা হয়েছে এবং ভেতর থেকে একে একে মরদেহ উদ্ধার করা হচ্ছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
এদিকে নদী থেকে বাসের যাত্রীদের ব্যাগ, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হলেও ফিরে আসেনি মানুষের জীবন। এক স্বজনের কান্নাজড়িত কণ্ঠে শোনা যায়—
“ব্যাগ, জিনিসপত্র ফিরে আসলেও ফিরেনি মানুষগুলো।”
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।