স্টাফ রিপোর্টার, ঢাকা: এস এম সাইদুর হোসেন রিপন
রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে আজ ব্যাপক উচ্ছেদ ও ভাঙচুর অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল ১১টার দিকে হাউজ বিল্ডিং এলাকা থেকে এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জানা গেছে, ফুটপাতের পাশে অবস্থিত বৈধ দোকানগুলোর বর্ধিত অংশ সরিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের অতিরিক্ত স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
অভিযানে উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। এছাড়াও সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।
অভিযান চলাকালে অবৈধভাবে দখল করা ফুটপাতের অংশগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন পুনরায় দখল না করা হয়। একইসঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত দখলের কারণে এতদিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এই অভিযান নিয়মিত হলে নগরীর শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
অভিযান শুরুর আগে গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়, যাতে ঘটনাস্থলের সার্বিক চিত্র জনসাধারণের সামনে তুলে ধরা যায় রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরায় এ ধরনের অভিযান নগর ব্যবস্থাপনা ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।