পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরার দলিপাড়ায় এতিম শিক্ষার্থী ও ইত্তেকাফে থাকা মুসল্লিদের সঙ্গে সেহেরি করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে উত্তরার দলিপাড়ায় অবস্থিত মজুমদার ফাউন্ডেশন বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক পরিচালিত মিম জিম হিফজুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদে আয়োজিত এ ব্যতিক্রমী সেহেরি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও ইত্তেকাফে থাকা মুসল্লিদের সঙ্গে একসঙ্গে বসে সেহেরি করেন তিনি।
সেহেরি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এই মাসে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখানো আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত এতিম ও অসহায়দের কল্যাণে আরও বেশি এগিয়ে আসা।
অনুষ্ঠানটি আয়োজন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও মুসল্লিরা।
ব্যতিক্রমী এই সেহেরি আয়োজনকে ঘিরে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এক আন্তরিক ও ধর্মীয় আবহ তৈরি হয়। এতিম শিক্ষার্থী ও ইত্তেকাফে থাকা মুসল্লিদের সঙ্গে এমপির এমন সাদামাটা ও মানবিক অংশগ্রহণ উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই এটিকে রমজানের মানবিক চেতনার বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।