মোঃ শহীদুল ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম, রবিবার ১২ এপ্রিল ২০২৬ ইং
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এ লক্ষ্যে রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা।
সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, আন্তর্জাতিক এ ম্যাচ ঘিরে শহরজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সভায় মাঠের ভেতর ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে দর্শকদের নিরাপদ প্রবেশ ও প্রস্থান, ভিআইপি মুভমেন্ট, ট্রাফিক নিয়ন্ত্রণ, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণ করা হয়।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটবে। তাই নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি থাকবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিশেষভাবে ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, নির্ধারিত পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামে তল্লাশি ব্যবস্থা জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত আলোকসজ্জা এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে আন্তর্জাতিক ম্যাচটি একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।