ঢাকা, ৭ জুন ২০২৬:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আজ তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TİKA)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্রম আধুনিকায়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তুরস্ক যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের আগেই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত হয়ে উঠবে।”
প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। তিনি শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে তুরস্কের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহও প্রকাশ করেন।
এ সময় টিকা’র ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব ও প্রাথমিক শিক্ষা উন্নয়নে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকারের গৃহীত উদ্যোগগুলো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।
বৈঠকে উভয় পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষক দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং আধুনিক শিক্ষাদর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।