তারিখ: ২০ মার্চ ২০২৬, শুক্রবার
রাজধানীতে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট লাঘব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
জানা যায়, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন সড়কে পথচারী, মুসাফির, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষসহ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
এই মানবিক কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন। তার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা দিনভর প্রস্তুতি শেষে ইফতারের পূর্বমুহূর্তে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে শত শত রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা জানান, রমজানের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবসেবা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় পথচারী ও সুবিধাভোগীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ব্যস্ত নগরজীবনে ইফতারের সময় অনেক মানুষ খাবার সংগ্রহ করতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য স্বস্তি ও মানবিক সহায়তার এক বড় উদাহরণ।
সার্বিকভাবে, এ ইফতার বিতরণ কর্মসূচি শুধু খাদ্য সহায়তা নয়, বরং সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।