তারিখ মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ইং
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে এই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই বোনাস তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বিশেষ বোনাস প্রদান করা হলো।” তিনি আরও জানান, নগর পরিচ্ছন্নতায় কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠা বাড়লে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রণোদনা দেওয়া হবে।
প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের সহযোগী। আমরা সবাই একই পরিবারের সদস্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।”
তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে আন্তরিক এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।