নিজের সন্তান নিনিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলে জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ূনপুত্র নিনিতকে নিয়ে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
ফেসবুক পোস্টে শাওন লেখেন, “আগামীকাল ৮ মে থেকে আমার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূন সাহেবের ও লেভেল পরীক্ষা শুরু হবে। নিনিত সাহেবের বয়স ১৫ বছর। উনার এবার অষ্টম শ্রেণি শেষ করে নবম শ্রেণিতে উন্নীত হওয়ার কথা ছিল।”
তিনি জানান, নিনিত বনানীতে অবস্থিত সিজিএসডি (CGSD) স্কুলে পড়তেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মত প্রকাশের জেরে একাধিকবার হামলার শিকার হতে হয় তাদের।
শাওনের ভাষ্য অনুযায়ী, তার গাড়িতে তিনবার হামলা চালানো হয় এবং প্রতিবারই গাড়িতে নিনিত উপস্থিত ছিল। তৃতীয় দফার হামলায় তার ড্রাইভারকে মারধর করা হয় এবং গাড়ির মূল কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে প্রকৃত ঘটনা উল্লেখ না করে “অসাবধানতাবশত কাগজপত্র হারিয়ে গেছে” বলে লিখতে বলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও লেখেন, “নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে আমি তার স্কুলে যাওয়া বন্ধ করে দেই। প্রাইভেট কোচিংয়ে এক বছর পড়াশোনা করে আমার ছেলেটা কাল থেকে ও লেভেল পরীক্ষা দেবে।”
পোস্টে সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়ে শাওন বলেন, “আপনারা নিনিত হুমায়ূন সাহেবের জন্য দোয়া করবেন। তিনি যেন ভালো মানুষ হতে পারেন।”
এছাড়াও তিনি দাবি করেন, ঢাকার বাসাতেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে সন্তানদের মায়ের বাড়িতে রেখে নিজে কয়েক মাস বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। একই সঙ্গে জামালপুরে তাদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি।
শাওনের বক্তব্য অনুযায়ী, ওই বাড়িতে তাদের পারিবারিক লাইব্রেরি, বিভিন্ন পুরস্কার এবং দেশ-বিদেশের দুর্লভ বইয়ের সংগ্রহ ছিল, যা আগুনে পুড়ে যায়।
পোস্টের শেষাংশে বিদেশে অবস্থান করে অনলাইনে সক্রিয় থাকা কিছু ব্যক্তির সমালোচনা করে তিনি বলেন, নিরাপদ দূরত্বে থেকে এসব বাস্তবতা অনুধাবন করা সম্ভব নয়।