মোঃ আল আমিন সরকার | ঢাকা
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর একজনকে ঘটনাস্থলেই রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অপরজনকে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ চোরাই তেলের দোকান থেকে হঠাৎ একটি গাড়ি মূল সড়কে ওঠার চেষ্টা করলে দ্রুতগতির মোটরসাইকেলটি সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে রূপনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মিরপুর বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই তেল বিক্রির দোকান গড়ে উঠেছে। এসব দোকানের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত এসব অবৈধ দোকান উচ্ছেদ এবং সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।