ঢাকা, তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং সেন্ট মার্টিন দ্বীপের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার সেন্ট মার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি সাগরে ভাসতে থাকে। পরে জরুরি সেবা ১৬১১১ নম্বরে খবর পেয়ে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বোটসহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সাগরে বিপদগ্রস্ত জেলেদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।