গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গী বাজারস্থ সিরাজ উদ্দিন সরকার স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব গণঅধিকার পরিষদের সভাপতি মোশতাক সরকার টুটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণমানুষের প্রত্যাশা পূরণে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, রাজনৈতিক কৌশল এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন গাজীপুর মহানগর গণপরিষদের সভাপতি মোবারক হোসেন সরকার।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংগঠনকে আরও সুসংগঠিত করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।