এ কে এম আজিজুল হক
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী নৃশংস ও পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা হাতুড়ি ও লাঠিসোঁটা ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালায়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও এনবিপি নিউজের নিউজ এডিটর মোঃ জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকনসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল খান ও সদস্য মামুন আহমদ ফিরোজ প্রমুখ।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি, এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের সব সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।