নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-পরবর্তী সময়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে বর্তমানে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের যাত্রী ও চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং বিআরটিএর বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভূঞা-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিআরটিএ সূত্র জানায়, ঢাকা মহানগরীর চারটি বাস টার্মিনালসহ দেশের প্রতিটি জেলা পর্যায়ের টার্মিনালে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে বিশেষ ভিজিল্যান্স টিম কাজ করছে।
এছাড়া অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে বিআরটিএর বিভিন্ন সার্কেল থেকে গুরুত্বপূর্ণ সড়ক ও টার্মিনাল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। টার্মিনাল থেকে যানবাহন ছাড়ার আগে চালকদের জন্য বিশেষ ব্রিফিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিরাপদ গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।
সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে মহাসড়কগুলোতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআরটিএ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রমের সমন্বিত উদ্যোগের ফলে ঈদ-পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।