নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ ইং
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃতদের মধ্যে সাধারণ বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা নেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিতির হার ছিল প্রায় ১ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন, যেখানে অনুপস্থিতির হার ৪ দশমিক ৪০ শতাংশ।
কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশগ্রহণ করে, অনুপস্থিতির হার ১ দশমিক ৯৩ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, বিদেশের ৯টি কেন্দ্র বাদে দেশের মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ছিল।
এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রথম দিনের পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি ও প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে।