গাজীপুরের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেন্টাল কমিটি নেত্রী রোকেয়া জাবেদ মায়া। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল গণঅধিকার পরিষদের পক্ষে মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসিন্দা রোকেয়া জাবেদ মায়া ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একজন সংগ্রামী নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজাবাড়ী (মির্জাপুর) কলেজ থেকে এইচএসসি এবং টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন। এরপর ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ছাত্রী বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সেবামূলক কাজেও তার সক্রিয়তা রয়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদে দরিদ্র ও পথশিশুদের মাঝে উপহার প্রদান এবং বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এলাকায় প্রশংসিত।
রোকেয়া জাবেদ মায়া বলেন, “নারীর সম্মান, অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত করাই আমার লক্ষ্য। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতে সুষম বণ্টন নিশ্চিত করা হলে নারীর ক্ষমতায়ন আরও এগিয়ে যাবে। রাজপথের আন্দোলনে যেমন নারীরা অগ্রণী ভূমিকা রাখছে, তেমনি রাষ্ট্র পরিচালনাতেও তাদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জাতীয় সংসদে যোগ্য ও সংগ্রামী নারীদের অন্তর্ভুক্তি সময়ের দাবি।