নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মো: নাজমুল সাঈদ সোহেল চকরিয়া( কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুষ্কুনিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো—ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নানার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পুষ্কুনির পাড়ে খেলতে যায় দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তারা তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে অনুসন্ধান শুরু করেন। পরে পুষ্কুনি থেকে তাদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল। দ্রুত তাদের চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।