ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬:
বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে পুনরুজ্জীবিত করতে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকল দ্রুত চালু করতে উদ্যোগ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে এসব মিল পুনরায় সচল করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে যেসব মিল লিজ দেওয়া হয়েছে, সেখানে বিপুল পরিমাণ জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমিতে নতুন বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ রয়েছে। এর মাধ্যমে দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সাক্ষাতে আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বন্ধ মিল চালুর টেন্ডার প্রক্রিয়াকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০টি মিল লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে ইতোমধ্যে ১৪টি মিল লিজ দেওয়া হয়েছে। বর্তমানে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।