মানবতার চরম অবক্ষয়ের এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। একজন ব্রেন স্ট্রোক আক্রান্ত অসহায় রোগীকে গাছে বেঁধে অমানবিকভাবে মারধরের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার তারিখ ১৯ মার্চ ২০২৬ ইং
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বর্তমানে কলাপাড়া পটুয়াখালী , লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামে বসবাস করতেন। তার পূর্বপুরুষের বাড়ি ছিল চাকা মুইয়া ইউনিয়নে। কিছুদিন আগে তিনি স্বজনদের সাথে দেখা করতে নিজের পুরনো বাড়ি চাকা মুইয়া এলাকায় যান।
ফেরার পথে চাউলাপাড়া ইউনিয়ন/চাউলাপাড়া গ্রামের কিছু দুর্বৃত্ত যুবক তাকে আটক করে। অভিযোগ রয়েছে, তারা তাকে একটি গাছের সাথে বেঁধে নির্মমভাবে মারধর করে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তিনি নিজেকে রক্ষা করার মতো অবস্থায়ও ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পরিবার, স্থানীয় জনসাধারণ এবং মানবাধিকার সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অমানবিক ঘটনার সাহস না পায়।
মানবাধিকারকর্মীরা বলছেন, অসুস্থ ও অসহায় একজন মানুষকে এভাবে নির্যাতন করা শুধু আইনবিরোধী নয়, এটি মানবতার বিরুদ্ধেও এক ভয়াবহ অপরাধ।
এদিকে নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনাটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
আল্লাহ যেন মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—এটাই সবার প্রার্থনা।