আন্তর্জাতিক পথ শিশু দিবস ২০২৬ উপলক্ষে “শাস্তি নয়, সুরক্ষা” প্রতিপাদ্যে চারদিনব্যাপী কর্মসূচির সফল সমাপনী করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। রাজধানীর কবি সুফিয়া কামাল মিলনায়তন-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকালে শাহবাগ থানা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে টিএসসি হয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে পথশিশু, স্বেচ্ছাসেবক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব ও সেলিব্রেটিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার মাঝেও পথশিশুরা এখনো চরম বঞ্চনার শিকার। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও উল্লেখ করেন, পারিবারিক ভাঙন পথশিশু সমস্যার অন্যতম কারণ এবং তাদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরডিসি (HRDC)-এর সিইও মো. মাহবুবুল হক, মুকিত জাকারিয়া, ত্রপা মজুমদার, প্রকৌশলী আবুল বাশার, সমাজকর্মী শহিদুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ক্রিশান ভূঁইয়া এবং ইউনিসেফ বাংলাদেশ-এর শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাককলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। তিনি পথশিশুদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র Where the Kids Have No Name প্রদর্শন। এছাড়া লিডোর সহায়তায় সমাজে পুনর্বাসিত ১০ জন শিশুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, লিডো এবং Consortium for Street Children দীর্ঘদিন ধরে পথশিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছে। এবারের কর্মসূচিতে প্রায় ৫০০ পথশিশু অংশগ্রহণ করে, যা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সম্ভাবনাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ পথশিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সহায়ক এবং তাদের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।