রূপগঞ্জ থেকে এস এ সাকেরঃ
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-পুলিশের যৌথ দল। শনিবার (১৪ জুন) গভীর রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক প্রতারকের নাম জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৫টি প্রতারণা ও ডাকাতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে “জাকির আহমেদ চৌধুরী” নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
জাকারিয়া রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় বসবাসের সময় ওই ভূয়া পরিচয়ে এক নারীকে বিয়েও করেন। তবে পরে তার স্ত্রী সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তথ্য যাচাই করেন এবং প্রতারকের আসল পরিচয় জানার পর রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারের সময় জাকারিয়ার কাছ থেকে একটি ভুয়া এএসপি আইডি কার্ড জব্দ করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, জাকারিয়া দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রতারণা এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জাল পরিচয়ে অপরাধী কর্মকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।