আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাদত্রিশিরা গ্রামে এক সন্তানের জননী ও সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে আহম্মেদ সোহান ওরফে সোহান মোড়লের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীর পিতা বাদী হয়ে বরিশাল আদালতে মামলাটি করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাদত্রিশিরা গ্রামের আলতাব হোসেন মোল্লার ছেলে মোঃ মান্নান মোল্লার সঙ্গে একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের ফিরোজ বাক্তিয়ারের মেয়ে ফিরোজা ইসলাম সোয়ার ২০২২ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ফাতিন ইসলাম মেহমেদ নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
পরিবারের সচ্ছলতার জন্য মান্নান মোল্লা জীবিকার তাগিদে সৌদি আরবে যান। স্বামী বিদেশে থাকার সুযোগে তার স্ত্রী ফিরোজা ইসলাম সোয়া উপজেলার বাকাল গ্রামের মৃত হান্নান মোড়লের ছেলে আহম্মেদ সোহান ওরফে সোহান মোড়লের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
অভিযোগে বলা হয়, গত ১৫ মে ফিরোজা ইসলাম সোয়া কথিত প্রেমিক সোহান মোড়লের সঙ্গে বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি নগদ অর্থ, বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার, একটি আইফোনসহ প্রায় ২১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছেন বলে দাবি করেছে প্রবাসীর পরিবার।
মামলার বাদী আলতাব হোসেন মোল্লা জানান, তার তিন বছর বয়সী নাতি ফাতিন ইসলাম মেহমেদ বর্তমানে মেয়ের পরিবারের কাছে রয়েছে। শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাতিকে উদ্ধারের লক্ষ্যে আদালতে পৃথক আরও দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন, “আদালতে মামলা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় মামলার কোনো কপি এসে পৌঁছায়নি। কপি হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”