স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
রাঙ্গামাটি পাবর্ত্য জেলা প্রাকৃতিক নৈসর্গিক স্থান হওয়ার পরও মানুষের ধ্বংসাত্বক নানান কারণে দিনদিন তার চিরাচরিত রূপ হারাচ্ছে। পরিবেশ রক্ষায় রাষ্ট্রীয় আইন প্রয়োগে অবহেলা ও শৈথিল্যের কারণে কিছু অসাধু লোক ক্রমেই এই পরিবেশ ধ্বংস করছে। পরিবেশবিধ্বংসী ইটভাটা ও কলকারখানা স্থাপনের উপযোগী পরিবেশ না হওয়ার পরও রাষ্ট্রীয় আইনকে তোয়াক্কা না করে কেবল অর্থের আয়ের লোভে পরে এখানে নানা পরিবেশ-বিরোধী স্থাপনা তৈরি করছে। যদি আইনের যথাযথ প্রয়োগ ও নাগরিক সচেতনতার পরিবেশ গড়ে উঠতে তবে এসব পরিবেশ-বিরোধী লোকগুলো এমন উদ্ধত সাহস দেখাতে পারত না।
চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার, বিকাল তিনটায় রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
এ সময় মো. মোনিনুল ইসলাম আরও বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো পরিবেশ রক্ষায় আরও অসংখ্য সংগঠন এগিয়ে এলে পরিবেশ অধিদপ্তর পক্ষে পরিবেশ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া সহজ হতো। তিনি সকল পরিবেশপ্রেমী সংগঠক ও সংগঠনকে সরকারের অংশীজন হয়ে পরিবেশ রক্ষায় সাগ্রহে এগিয়ে আসার আহ্বান জানান।
এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া মঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আলী হাসান, মাওলানা রেদুয়ানুল হক, মাওলানা রিয়াজ উদ্দিন, শিক্ষিকা ফাতেমা নাজনীন লুবনা, মাওলানা সৈয়দ মুনির উদ্দিন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, নাদিয়া আকতার, মুজিবুর রহমান, মো. মহিউদ্দিন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাদরাসা প্রাঙ্গণে চারা রোপণসহ মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনের ফুলের চারা ও মৌসুমী সবজির চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।