রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলার আসামি রয়েল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সানাউল্লাহ ওরফে সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশে ১ জুন বীরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী নারী পূর্বে অন্যত্র বৈবাহিক সম্পর্কে ছিলেন।অভিযুক্ত
রয়েল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সংসার থেকে বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে বসবাসে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে একসঙ্গে বসবাস করলেও সম্প্রতি রয়েল ওই নারীকে বিয়ে করেননি বলে দাবি করেন এবং সম্পর্ক অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রয়েল এলাকায় নিকাহ রেজিস্ট্রারের সহকারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তার বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রির কাজ করার অভিযোগও রয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে মামলার অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।