রাজধানীর দক্ষিণখান থানার সরদারপাড়া তেঁতুলতলা বেকারি সংলগ্ন এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসরাফিল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। একই সঙ্গে মামলা তুলে নিতে শিশুটির বাবা-মাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর নাম নুরজাহান (৯)। অভিযুক্ত ইসরাফিলের সঙ্গে শিশুটির পরিবারের পূর্বপরিচয় ছিল। তারা একসময় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরবর্তীতে উভয় পরিবার ওই এলাকার অন্য বাসায় চলে যায়।
শিশুটির পরিবারের অভিযোগ, গত ২২ আগস্ট শিশুটির মা কাজে থাকা অবস্থায় নুরজাহান মাঠে খেলছিল। এ সময় ইসরাফিল তাকে টাকা ও মজার খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাত ধরে নিজের বাসায় নিয়ে যান। সেখানে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলতে এবং প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা লৎফর আলী ও মা পারুল বেগম আদালতে মামলা করেন। পরে দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিলকে গ্রেফতার করে।
এদিকে মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। তারা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি লৎফর আলী রাজমিস্ত্রির জোগালি (দিনমজুর) হিসেবে কাজ করেন। ফলে প্রভাবশালী মহলের হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শিশুটির বাবা-মা বলেন, তারা মেয়ের জন্য ন্যায়বিচার চান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের ও শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শিশুটির পরিবার বর্তমানে রাজধানীর দক্ষিণখান থানার কাজী প্যারাডাইস, মরহুম কাজী মনোয়ার হোসেন সড়ক, ৩৬ পূর্ব মোল্লারটেক এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।
তবে ধর্ষণের অভিযোগ ও মামলা তুলে নিতে হুমকির বিষয়টি তদন্তসাপেক্ষ। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।