বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
দুই দশক পর রাষ্ট্র পরিচালনায় বিএনপি
দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় এবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের ছেলে তারেক রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।