স্টাফ রিপোর্টার : আশরাফুননেছা
ঢাকা, ২৮ জুলাই ২০২৬
মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রশাসক বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”
তিনি জানান, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণমান অনুসরণ করা হয়নি। আরসিসি (রড-সিমেন্টের কাঠামো) ব্যবহার না করে শুধুমাত্র ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল। প্রাথমিকভাবে এ নির্মাণ ত্রুটির কারণেই দেয়াল ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো নিরাপদ ও টেকসইভাবে পুনর্নির্মাণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে যারা আহত হয়েছেন, তাদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মিরপুর-২ এলাকায় অবস্থিত মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং সাতজন আহত হন।
ফটো ক্যাপশন: মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনাস্থল পরিদর্শন করছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।