স্টাফ রিপোর্টার : নার্গিস আক্তার
ঢাকা, তারিখ ০৩ আগস্ট ২০২৬:
সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। পাকিস্তান আমল থেকে শুরু করে সর্বশেষ জুলাই অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকার ও নাগরিক—উভয়কেই একযোগে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর যেসব স্থানে খালি জায়গা রয়েছে, সেখানে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক। বায়ুদূষণ ও পরিবেশগত অবনতির কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই প্রতিটি নাগরিক অন্তত একটি করে গাছ লাগালে অল্প সময়েই দেশে কোটি কোটি গাছ রোপণ সম্ভব হবে, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।