স্টাফ রিপোর্টার : কাজি আরিফ হাসান
ঢাকা, তারিখ ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে
রাজধানীর দক্ষিণখানে এক বৃদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগে তাঁর নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম মাহবুব আরা (৭৫)। তিনি দক্ষিণখানের মোল্লারটেক সংলগ্ন নবীন সংঘ ক্লাব রোডের ৪৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে নিহতের চাচাতো নাতি সজীব (৩৫) তাঁর বাসায় দেখা করতে যান। বাসার কক্ষে দুজন কিছু সময় অবস্থান করেন। পরে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বাসার সিসিটিভি ফুটেজে দুজনের মধ্যে ধস্তাধস্তির দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সজীব মাদকাসক্ত। তারা দাবি করেন, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে বৃদ্ধার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর গলা চেপে ধরা হয়, এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার (৩১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সকাল প্রায় ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণখান থানা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সজীবকে কেসি স্কুল রোড সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণখান থানা পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যার পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, ঘটনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া সজীবের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের উজিরপুর উপজেলায়। তিনি মো. হারুনের ছেলে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।