স্টাফ রিপোর্টার নার্গিস আক্তার
ঢাকা | ০৩ আগস্ট ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করা হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (৩ আগস্ট) বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি জনগণের কাছে পৌঁছে দেওয়া তাঁর দায়িত্ব। তবে এই উদারতার সুযোগ নিয়ে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, দায়িত্ববোধ থেকেই তিনি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে।
প্রশাসক জানান, ১৫ নম্বর ওয়ার্ডে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। তিনি বলেন, নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
কোরবানির ঈদে দ্রুত বর্জ্য অপসারণের ফলে নগরবাসী দুর্গন্ধমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচনে অংশ নিলে দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের ভোটও প্রত্যাশা করেন। জয়-পরাজয় যাই হোক, এলাকার উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ডিএনসিসির জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।