স্টাফ রিপোর্টার: নার্গিস আক্তার
ঢাকা | ২৮ জুলাই ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি সারা বিশ্বে স্বীকৃত। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তাঁর সহকর্মী হিসেবে তাঁকে অনুসরণ করে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছি।”
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ এলাকার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিএন কলেজে অনুষ্ঠিত Startup Science Project and Innovation Idea Showcasing Program-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর “ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা” কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে।
তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রমকে ক্যাম্পেইনের মাধ্যমে নগরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সিটি করপোরেশনের নাগরিক সেবাগুলো আরও কার্যকর ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও নাচের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। যেখানে আন্তরিক চেষ্টা থাকে, সেখানে সফলতা অবশ্যই আসে।”
তিনি আরও জানান, বাংলাদেশ নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়ামহল্লায় ছড়িয়ে দিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সেগুলো কাজে লাগানো হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশ নেভি কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বাংলাদেশ নেভি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।