ঢাকা, ৫ আগস্ট ২০২৬: ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সকাল ৬টায় রাজধানীর মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর পশ্চিমের সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহফুজ আল হাবিব।
সভাপতির বক্তব্যে আদনান রাফি সাম্প্রতিক বিভিন্ন ক্যাম্পাসে হামলার অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
প্রধান অতিথি মাওলানা জাকারিয়া আল ফারুকী বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা শুধু রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ, দফতর ও পাঠাগার সম্পাদক রবিউল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সাঈদ, নির্বাহী সদস্য মারুফ আহমদ তাজসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজয় র্যালিটি মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।