বিশেষ প্রতিবেদন: নাঈম আহমেদ
ঢাকা, ৩০ জুলাই ২০২৬ |
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার নবগঠিত পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার সভাপতি ও ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবার চেতনা বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার সম্পাদক শরীফ আহমেদ, জেলা কমিশনার মোহাম্মদ রইসউদ্দিনসহ সংগঠনের অন্যান্য শীর্ষ কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “স্কাউটিং একটি আদর্শভিত্তিক আন্দোলন। এর মাধ্যমে তরুণদের নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব। একটি দক্ষ, মানবিক ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই।”
তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার সার্বিক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা জেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।